জাদুশিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এক অনন্য পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ভারতের প্রথম সরকারি ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই বিশেষ প্রতিষ্ঠানটি গড়ে তুলবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর পি সি সরকারের স্মৃতিকে সম্মান জানিয়ে তাঁর নামেই এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হবে।
বাংলার ঐতিহ্যবাহী জাদুশিল্পের চর্চা ও প্রসারে এই ম্যাজিক ইনস্টিটিউটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু ইনস্টিটিউটই নয়, এর অধীনে একটি বিশেষ জাদুস্কুলও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে গত শুক্রবার কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনের সভাঘরে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কলকাতায় এই জাদু ইনস্টিটিউট গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
কিংবদন্তি জাদুকর পি সি সরকারের পুত্র পি সি সরকার (জুনিয়র) উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন এবং জাদু ইনস্টিটিউট ও জাদুস্কুল গঠন প্রক্রিয়ার বিষয়ে তাঁর মূল্যবান পরামর্শ প্রদান করেন। এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন পি সি সরকার জুনিয়রের সহধর্মিণী জাদুশিল্পী জয়শ্রী সরকার এবং তাঁর কন্যা জাদুশিল্পী মেনকা।
প্রতিষ্ঠানটির সঠিক দিকনির্দেশনার জন্য এদিন একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাদুকর পি সি সরকার (জুনিয়র)। এই কমিটিতে কলকাতার প্রথিতযশা জাদুশিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থান পাবেন। পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। প্রথম এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতিসচিব সৌমিত্র মোহন।