কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খননের সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল সদৃশ ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে এই ঘটনাটি ঘটে।
রোববার (১ নভেম্বর) সকালে বাড়ির পাশে ভিটি জমিতে নতুন পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা। খনন কাজ চলাকালীন শ্রমিকদের কোদালের আঘাতে মাটির নিচ থেকে শক্ত ধাতব একটি বস্তু বেরিয়ে আসে। বস্তুটি দেখতে মর্টার শেলের মতো মনে হলে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জমির মালিক মাস্টার সৈয়দ আহামদকে অবহিত করেন। এরপর তিনি দ্রুত চৌদ্দগ্রাম থানা পুলিশকে বিষয়টি জানান। উদ্ধার হওয়া বস্তুটি ঠিক কত বছরের পুরোনো, এটি সেখানে কীভাবে এল কিংবা এটি কোন ধরনের বিস্ফোরক, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
জমির মালিক মাস্টার সৈয়দ আহামদ জানান, “নতুন পাকা বাড়ি নির্মাণের উদ্দেশ্যে বাড়ির পাশের ভিটি জমিতে মাটি কাটার সময় শ্রমিকরা কোদালের আঘাতে বস্তুটি দেখতে পান। পরে শ্রমিকদের কাছ থেকে বিষয়টি জেনে তিনি দ্রুত পুলিশকে খবর দেন।”
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি (ধাতব বস্তু) ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।”
উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা এবং নিরাপদে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া সম্পর্কে ওসি মো. আরিফ হোসাইন আরও জানান, “উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা ও নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) টিমকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিধি অনুযায়ী বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।”