সন্তান কতদিন ডায়াপার ব্যবহার করবে? শিশুকে নিজে থেকে টয়লেট ব্যবহার করতে শেখানো তার সামগ্রিক বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। তবে এই প্রক্রিয়ার জন্য কোনো নির্দিষ্ট বা ধরাবাঁধা বয়স নেই; বরং শিশুর শারীরিক সক্ষমতা এবং মানসিক প্রস্তুতির ওপর ভিত্তি করেই সঠিক সময়টি নির্ধারিত হয়।

সাধারণত দেখা যায়, দেড় থেকে তিন বছর বয়সের মধ্যে অধিকাংশ শিশু টয়লেট ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে ওঠে। কিছু বিশেষ লক্ষণের মাধ্যমে বোঝা যায় যে শিশু এখন এই ধাপের জন্য প্রস্তুত। যেমন—শিশু যদি টানা দুই ঘণ্টা বা তার বেশি সময় ধরে ডায়াপার শুকনা রাখতে পারে, প্রস্রাব বা পায়খানার আগে তার মুখভঙ্গি বা আচরণে অস্বস্তি প্রকাশ পায়, সে নিজে থেকে হাঁটতে, বসতে বা দাঁড়াতে সক্ষম হয়, সহজ নির্দেশনা শুনে সে যথাযথ সাড়া দেয় এবং বড়দের টয়লেট ব্যবহার করতে দেখে আগ্রহ প্রকাশ করে, তবেই বোঝা যায় যে ট্রেনিং শুরু করার উপযুক্ত সময় এসেছে।

বিশেষজ্ঞদের মতে, শারীরিক ও স্নায়বিক প্রস্তুতির আগেই এই প্রক্রিয়া শুরু করলে তা দীর্ঘায়িত হতে পারে। এর ফলে শিশুর মনে ব্যর্থতাজনিত হতাশা তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

টয়লেট ট্রেনিং শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে শিশুর জন্য একটি আলাদা পটি চেয়ার অথবা টয়লেট সিট অ্যাডাপ্টার সংগ্রহ করা প্রয়োজন। শুরুতে শিশুকে জোর না করে কেবল সেখানে বসানোর অভ্যাস করান। এরপর একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর, খাবার খাওয়ার পরপরই অথবা ঘুমানোর আগে—একই সময়ে পটিতে বসার অভ্যাস করালে শিশুর শরীরে একটি প্রাকৃতিক ছন্দ তৈরি হয়। শিশু সফলভাবে টয়লেট ব্যবহার করতে পারলে তাকে সংক্ষিপ্ত প্রশংসা জানান। তবে চকলেট বা খেলনার মতো অতিরিক্ত পুরস্কার দেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। অন্যদিকে, শিশু ব্যর্থ হলে তাকে বকাঝকা করা বা লজ্জাবোধ করানো একদমই উচিত নয়।

কিছু বিশেষ ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। যদি চার বছর বয়সের পরও শিশু দিনের বেলায় প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণ করতে না পারে, ট্রেনিং শুরু করার পর হঠাৎ করে আগের অভ্যাসে ফিরে যায়, প্রস্রাব বা পায়খানার সময় ব্যথা অনুভব করে কিংবা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ দেখা দেয়, অথবা টয়লেট ব্যবহার নিয়ে তীব্র ভয় বা আতঙ্ক প্রকাশ করে, তবে দেরি না করে দ্রুত শিশুবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এই বিষয়ে পরামর্শ দিয়েছেন ডা. মানিক মজুমদার, শিশু ও নবজাতক বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ময়মনসিংহ।