ময়মনসিংহে স্বর্ণালংকার এবং ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ হয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ৬০ বছর বয়সী মো. আব্দুল বাছেদ। নিখোঁজ স্ত্রী মোছা. রেখা আক্তারের খোঁজ পেতে বিভিন্ন জায়গায় ব্যাপক অনুসন্ধান চালানো হলেও কোনো ফল না আসায় অবশেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে স্ত্রী ও খোয়া যাওয়া মালামালের বিষয়ে কার্যকর তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাছেদ।
ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল বাছেদ জানান, প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ অনুযায়ী রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে রেখা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে গত ৮ আগস্ট রাতের পর থেকে রেখার আর কোনো খোঁজ পাননি তিনি।
বাছেদের দাবি অনুযায়ী, ৮ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যান রেখা আক্তার। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এই ঘটনার প্রেক্ষিতে তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে হাসিনা নামের এক নারীর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন বাছেদ। তার অভিযোগ, বিভিন্ন সময়ে হাসিনা নানা ধরনের পরামর্শ দিয়ে রেখা আক্তারকে এই কাজে প্ররোচিত করেছেন। তবে এই বিষয়ে হাসিনা কিংবা অভিযোগে সংশ্লিষ্ট অন্য কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাছেদের ধারণা, নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল কুমিল্লার বড় জনতা বাজার এলাকায় রেখা আক্তারের আত্মীয়স্বজনের কাছে রাখা হয়ে থাকতে পারে। এই কারণে ওই এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেখা আক্তার ও মালামালের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
বাছেদ বলেন, “আমার নিখোঁজ স্ত্রী এবং স্বর্ণালংকারসহ খোয়া যাওয়া মালামালের সন্ধানে কার্যকর তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”