ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদেশি পিস্তলসহ মো. আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ এসআরবি-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান টিপু ওই গ্রামেরই একজন বাসিন্দা।

এসআরবি সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালায়। এসময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে টিপু সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে সহকর্মীদের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়। অভিযানের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতেই আটক যুবকের পরিহিত প্যান্টের ডান পাশে গুঁজে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্রটি ছিল ম্যাগাজিনবিহীন। পিস্তলটির গায়ে খোদাই করা ছিল ‘TOKYO MARUI MADE IN JAPAN No 871072 M1911A U.S. ARMY’। এছাড়া অস্ত্রটির অন্য পাশে ‘COLT’S PT.F.A.MFG.CO.HARTFORD.CT.U.S.A.’-সহ বিভিন্ন তথ্য খোদাই করা ছিল। জব্দ করা পিস্তলটির আড়াআড়ি দৈর্ঘ্য ৯ ইঞ্চি ৮ সুতা এবং ব্যারেলের দৈর্ঘ্য সাড়ে ৭ ইঞ্চি।

এই পুরো বিষয়টি নিয়ে ময়মনসিংহ এসআরবি-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, “উদ্ধার করা অস্ত্রের পক্ষে কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি আসাদুজ্জামান টিপু। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”