গাজীপুরের কালীগঞ্জে এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।
গত রোববার (৪ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার আওতাধীন ২৮ নম্বর সেক্টরের শালবন ব্রিজের নিচে এই অভিযান চালানো হয়। তল্লাশির মাধ্যমে সেখান থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনা প্রসঙ্গে এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা গিয়েছিল যে, ওই রাতে শালবন ব্রিজের নিচে ৩ থেকে ৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে এসআরবি-১-এর সিপিসি-১ ও সিপিসি-৩-এর একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, “অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্রিজের নিচের একটি ড্রেন থেকে একটি ৭.৬৫ ক্যালিবারের বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।”
শাহ আলম আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।