খুলনায় ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন পথচারী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় বাসের চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত পথচারীর নাম আবদুল খালেক (৬৫)। তিনি তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে লংমার্চে অংশ নেওয়া প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে যাত্রীরা ভেতরে আটকা পড়ে যান। খবর পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন।

দুর্ঘটনায় আহত রুহুল আমিন ঘটনার বিবরণ দিয়ে বলেন, “বাসটি কুমিরাচারা বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সড়ক পার হতে যান। তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসের ধাক্কায় ওই পথচারী নিহত হন।”

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধারকাজের পর আহত ব্যক্তিদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়। আহতদের অধিকাংশেরই বাড়ি সদর উপজেলার ঘোনা এলাকায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন পথচারীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখছে।”