সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মজিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বসুন্ধরা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের জানান, ঢাকাগামী একটি বাস শাকদাহ এলাকা দিয়ে যাওয়ার সময় সাইকেল আরোহী আব্দুল মজিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ‘সৌদিয়া পরিবহন’-এর একটি লুকিং গ্লাস ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ঘটনাকবলিত বাসটি আগেই পালিয়ে গেছে। ফলে বাসটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।