ফেনীর দাগনভূঞায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালকের নাম জাহাঙ্গীর আলম। তিনি দাগনভূঞা থানার অভিরামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে এবং দুর্ঘটনাকবলিত যানটি তিনি চালাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীগামী লেনে একটি নম্বরবিহীন ট্রাক্টর ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী ‘আল্লাহরদান’ নামীয় একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- চট্টগ্রাম মেট্রো-ব-১১-০৬৩৮) দ্রুতগতিতে এসে ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাক্টরটি উল্টে গিয়ে বিপরীত পাশে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং চালক জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিয়েছে। আহত যাত্রীদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।