সাত দিন আগে পিন্ডিতে এক অভাবনীয় জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছিল শ্রীলঙ্কা দল। ইংল্যান্ডের করা ৪২৯ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করে জয়লাভ করেছিল তারা। তবে সাত দিন পর ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আবারও মুখোমুখি হয়ে সেই একই জাদু দেখাতে ব্যর্থ হলো লঙ্কানরা। ৩৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় ব্যাটিং বিপর্যয়ে তারা হেরে যায়। ৪২.২ ওভারের মাথায় ৫ উইকেটে ৩১৫ রান তুলে ফেলে দলটি, তবে সেখান থেকেই শুরু হয় তাদের ব্যাটিং ধস। মাত্র ১৭ বলের ব্যবধানে ১৬ রান তুলতে গিয়েই তারা অলআউট হয়ে যায়। ফলে ৫৫ রানের জয় নিয়ে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া ইংল্যান্ড তাদের শেষ ম্যাচটি জিতে নিল।
পিন্ডিতে ঐতিহাসিক রান তাড়ায় সেঞ্চুরি করা পবন রত্নায়েক আজকের ম্যাচেও তার দুর্দান্ত ফর্ম ধরে রাখেন। ৭৭ বলে ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি করেন ১১৮ রান। দলের অধিনায়ক কুশল মেন্ডিসও গুরুত্বপূর্ণ অবদান রাখেন; ৭১ বলে ৫টি ছক্কা মেরে তিনি সংগ্রহ করেন ৮৯ রান। এছাড়া বিস্ফোরক ব্যাটিং করে জানিত লিয়ানাগে ১৭ বলে ২৭ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি।
শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের শুরু হয় ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের আউট হওয়ার পর। তার ঠিক পরের ওভারেই দুনিত ভেল্লালাগে রানআউট হয়ে মাঠ ছাড়েন। এরপর এক ওভার পর লিয়াম ডসনের বলে টাইমিংয়ে ভুল করে ক্যাচ দিয়ে বিদায় নেন সেঞ্চুরিয়ান রত্নায়েক। ওই ওভারের শেষ বলে আশিতা ফার্নান্ডোকে টম ব্যান্টনের দুর্দান্ত এক ক্যাচটি ফিরিয়ে দিয়ে চতুর্থ উইকেটটি তুলে নেন ডসন। পরবর্তী ওভারের প্রথম বলেই স্যাম কারেন ঈশান মালিঙ্গাকে বোল্ড করলে ৩৩১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
এর আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৮৬ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। এই বিশাল সংগ্রহের প্রধান কারিগর ছিলেন ওপেনার বেন ডাকেট, যিনি ১৩২ বলের ইনিংসে ২৪টি চার মেরে ১৬৭ রান করেন। উদ্বোধনী জুটিতে ১৬৩ রান যোগ করার ক্ষেত্রে তাঁর সঙ্গী টম ব্যান্টন ৭৪ রান করে সহায়তা করেন।
আগামী শনিবার লাহোরে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।