৩৯ বলে ৫৩ রান প্রয়োজন, হাতে রয়েছে ৫টি উইকেট—পরিস্থিতি দেখে মনে হচ্ছিল জয়ের পাল্লা শ্রীলঙ্কার দিকেই ঝুঁকে আছে। তবে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের সামনে শেষ ৫ উইকেট হারিয়ে মাত্র ১৫ রান যোগ করতে পেরেছে শ্রীলঙ্কানরা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ২৬৮ রানে অলআউট করে টুর্নামেন্টের শুভ সূচনা করল পাকিস্তান, তাদের জয় এসেছে ৩৭ রানের ব্যবধানে।
পাকিস্তানের ইনিংসের মূল নায়ক ছিলেন সালমান আগা। তার দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ওভারে অলআউট হওয়ার আগে ৩০৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ৯০ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ১০৭ রান করেন সালমান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
তবে পাকিস্তানের ইনিংসের শেষ মুহূর্তগুলো ছিল অনেকটা শ্রীলঙ্কার মতো নাটকীয়। ২৭৯ রান থেকে ৩০৫ রানে পৌঁছাতে গিয়ে শেষ ৫টি উইকেট হারিয়েছে দলটি, অর্থাৎ মাত্র ২৬ রান যোগ করে তারা তাদের শেষ উইকেটগুলো খোয়ায়। সালমান আগা ছাড়া দলের অন্য কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন সাবেক অধিনায়ক বাবর আজম, যার সংগ্রহে ছিল ৪৫ রান। এছাড়া সাদ বেগ করেন ৩৯ রান এবং হাসান নেওয়াজ করেন ৩৭ রান। পাকিস্তানের বিপক্ষে বোলিং করে ৪৬ রানে ৪ উইকেট শিকার করেন শ্রীলঙ্কান পেসার ঈশান মালিঙ্গা।
জবাবে ব্যাট করতে নেমে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়লেও পবন রত্নায়েক ও জানিত লিয়ানাগের ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে শ্রীলঙ্কা। পঞ্চম উইকেটে তারা ১১৯ রানের একটি বড় জুটি গড়েন। তবে ৭৪ বলে ৭৯ রান করে রত্নায়েক সহজ এক ক্যাচ তুলে বিদায় নিলে ছন্দপতন ঘটে। সমান বলে ৬০ রান করা লিয়ানাগে যখন ২৫৩ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান, তখনই শুরু হয় শ্রীলঙ্কান ব্যাটিং ধস।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৫ রানে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ—এই তিন পেসার প্রত্যেকে ২ করে উইকেট শিকার করেন।
আগামী মঙ্গলবার সিরিজের পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।