জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি শুরু হয়ে এই ভর্তি পরীক্ষা চলবে ২০২৭ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। তবে উল্লেখ্য যে, শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় এই দুই দিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পাশাপাশি, এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি করা হতে পারে বলে আভাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির একজন সদস্য।
মুক্তকণ্ঠের সাথে কথা আলাপকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্রবার ও শনিবার ছাড়া পরীক্ষা নেওয়া হবে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বর্তমান বছরের পরিকল্পনা অনুযায়ী সেই সিদ্ধান্তটি কার্যকর করা হচ্ছে না। ফলে এবার আগের মতোই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেই সকল ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।
ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির একজন সদস্য বিস্তারিত জানিয়ে বলেন, ‘গত বছর ভর্তি পরীক্ষায় এক কোটি টাকার বেশি ঘাটতি ছিল। এ বছর খরচ আরও বাড়বে। তাই অন্যান্য খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ফি বৃদ্ধি করার প্রস্তাব এসেছে।’
আবেদন ফি নির্ধারণের বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ‘ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় ফি নির্ধারণ করা হবে।’
এবারের ভর্তি পরীক্ষার ইউনিট কাঠামোর ক্ষেত্রে গত বছরের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে একটি বিশেষ পরিবর্তন হিসেবে আইন বিভাগকে এবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।