জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি ব্যাখ্যা করে সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার তারিখ ও সময়সীমা চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেওয়ার।’

এদিকে, এবারও বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজন সংক্রান্ত একটি উপকমিটির সদস্য জানিয়েছেন যে, এই প্রক্রিয়ায় বেশ কিছু জটিলতা রয়েছে। ওই সদস্যের মতে, ‘চারটি উপকমিটির রিপোর্ট ইতিবাচক আসেনি। এখানে খরচ একটি বড় সমস্যা। এ ছাড়া বিভিন্ন বিশ্বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সামঞ্জস্য রাখাও কঠিন হয়ে গিয়েছিল। ফলে এবার বিভাগীয় ভর্তি পরীক্ষা হবে না বলেই মনে হয়।’

উল্লেখ্য যে, গত ৮ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে পৃথক চারটি উপকমিটি গঠন করেছিল। সংশ্লিষ্ট চার বিশ্ববিদ্যালয়ের উপকমিটিগুলো ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আগামী ২৮ অক্টোবরের চূড়ান্ত বৈঠকে ভর্তি পরীক্ষা কোথায় এবং কীভাবে পরিচালিত হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।