দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে পরিচালিত এই ক্যাডেট কলেজগুলো সম্পূর্ণ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের বিশেষ প্রশিক্ষণ এবং প্রাথমিক সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে দেশে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টি মিলিয়ে মোট ১২টি ক্যাডেট কলেজ চালু রয়েছে।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে। ভর্তির জন্য শিক্ষার্থীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী শিক্ষার্থী এবং তাঁর বাবা-মা—উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সসীমার ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ছয় মাস হতে পারবে। শারীরিক যোগ্যতার জন্য উচ্চতা কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি হওয়া আবশ্যক এবং শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর ২০২৬ তারিখে। পরীক্ষাটি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে।
ক্যাডেট কলেজে ভর্তি প্রক্রিয়া মূলত তিনটি ধাপের সমন্বয়ে সম্পন্ন হয়—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়া মানেই ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্নের অর্ধেক পথ পাড়ি দেওয়া। তবে ২০২৭ সালের ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাস আগেই প্রকাশ করা হয়েছে, যেখানে মোট নম্বরের পরিমাণ ১০০ কমিয়ে আনা হয়েছে। আগে লিখিত পরীক্ষার মোট নম্বর ছিল ৩০০, যা কমিয়ে এবার ২০০ করা হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ফিরছে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।
নতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজি বিষয়ে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ নম্বর। অর্থাৎ মোট ২০০ নম্বরে পরীক্ষা হবে। শিক্ষার্থীরা বাংলা অথবা ইংরেজি—যেকোনো একটি মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের জন্য মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে সকল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
আবেদন করার পদ্ধতি সহজ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ক্যাডেট কলেজের ভর্তি ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। প্রথমে নিবন্ধন করে ব্যবহারকারীর পরিচিতি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এরপর লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আপলোড করতে হবে।
আবেদন ফি হিসেবে ২ হাজার ৫০০ টাকা নির্ধারিত করা হয়েছে। এই ফি বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ, এসএসএল কমার্জ, নগদ ও রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তির সকল নির্দেশনা গুরুত্বের সাথে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
*বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি পাওয়া যাবে ক্যাডেট কলেজের ওয়েবসাইটে