২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজেই শতভাগ পাসের হার অর্জিত হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৫৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৯৪ দশমিক ২০ শতাংশ।
আজ শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজসহ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই সাফল্যের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ক্যাডেট কলেজগুলো ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৫১ শতাংশে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলা মাধ্যমের ৩৯টি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ইংরেজি মাধ্যমের ১২টি প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সব মিলিয়ে মোট ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৪১০ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
আইএসপিআর আরও জানায়, “ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। ভালো ফলাফলের পাশাপাশি ক্যাডেটদের চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ কারণে ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত হচ্ছে।”