চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের আকস্মিক দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলা নিক্ষেপের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় দুই সৈনিক মারা যান এবং একজন কর্মকর্তা জখম হন।
গুরুতর আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত চলমান রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।