কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগ করা সৈনিক তিতাস শেখের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি নিহতের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর-এর ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেবল আর্থিক সহায়তাই নয়, বরং নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের আবাসন সুবিধার কথা মাথায় রেখে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী।

পাশাপাশি, তিতাস শেখের স্ত্রীর ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করতে এবং তাঁকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, গত ৫ নভেম্বর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়। সেখানে সশস্ত্র মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনা ঘটে। সেই সংঘাতের সময় কর্তব্যরত অবস্থায় সৈনিক তিতাস শেখ নিহত হন।