টেস্ট ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করলেও ইনিংসটিকে দীর্ঘায়িত করতে ব্যর্থ হয়েছেন ওপেনার সাদমান ইসলাম। ২৩৪ বলে ১১টি চার মেরে ১০৫ রান করার পর জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নিলেও ভাগ্য সহায় হয়নি সাদমানের। বল ট্র্যাকিং প্রযুক্তিতে দেখা যায়, বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত হানত। এই উইকেটের মাধ্যমে সাদমানকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ পেলেন বিশপ।

সাদমানের বিদায়ের পর খুব বেশি সময় ব্যাটিং করতে পারেননি তাওহিদ হৃদয়। নিজের পরবর্তী ওভারেই হৃদয়কে বোল্ড করেন ক্যারিবীয় স্পিনার বিশপ। প্রথম দিনের খেলায় চোট পেয়ে মাঠ ছাড়লেও পরবর্তীতে ব্যাটিংয়ে নামা হৃদয় ৮৬ বলে ৪২ রান করে বিদায় নেন। অল্প সময়ের ব্যবধানে দলের দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনের সমাপ্তিতে ৭৮.১ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। বর্তমানে ১২ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন লিটন দাস।