ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে লক্ষ্য করে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার দায়ে রুহিয়া থানা জামায়াতের আমির মো. আবদুর রশিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তকারী কমিটি এই আদেশ প্রদান করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে তিনি নির্ধারিত অর্থ পরিশোধ করেছেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর সকালে রুহিয়া থানার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি সভা আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে যে, ওই সভায় আবদুর রশিদ মাইকের সামনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিন সম্পর্কে অশালীন ভাষায় কুৎসা রটান এবং আক্রমণাত্মক কথা বলেন।
এই ঘটনার প্রেক্ষিতে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৫(ক) বিধি লঙ্ঘনের অভিযোগে আবদুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করে ঘটনার সত্যতা যাচাই করে।
সদর উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, “অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”
অন্যদিকে, এই বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, “নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ার সময় আবদুর রশিদ সামান্য ভুল কথা বলেছেন। তারা জরিমানার অর্থ পরিশোধ করেছেন।”