নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে পরিবেশবান্ধব স্কুলব্যাগ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেন হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাইফুল ইসলামসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইউএনও রাসেল ইকবাল বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পরিবেশবান্ধব স্কুলব্যাগ বিতরণের ফলে শিক্ষার্থীরা উপকৃত হওয়ার পাশাপাশি পরিবেশের প্রতিও সচেতন হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে।
স্থানীয় অভিভাবকেরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়ার এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার সম্পর্কেও সচেতনতা তৈরি হবে।