পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়াই মাছ ধরে বাড়ি নিয়ে যাওয়ার সময় কে এম মামুনুর রহমান নামের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওই মাছগুলো নিলামে তোলা হয়, যা ১ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় হোটেল ব্যবসায়ী জাকির হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে বড়শির সাহায্যে রুই ও কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ কেজি মাছ ধরেন ওই কর্মকর্তা। ওই দিন রাতেই যখন তিনি মাছগুলো ককসিটে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। এরপর তাকে মাছসহ আটক করে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে জব্দ করা মাছগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নিয়ে যায়।

এই ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগর জানান, “আমি ট্রেনিংয়ে আছি। এ ব্যাপারে খোঁজ নিতে হবে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, “খাদ্য কর্মকর্তা অবশ্যই অন্যায় করেছেন। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং মাছগুলো নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”

তবে নিজের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।