আমেরিকানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে ডিকশনারি ডটকম ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘ম্যাক্সিং’ শব্দটিকে নির্বাচিত করেছে।

ডিকশনারি ডটকম তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাক্সিং’ মূলত ‘ম্যাক্সিমাইজিং’ শব্দটির একটি সংক্ষিপ্ত রূপ। এই শব্দটি এককভাবে ব্যবহৃত হতে পারে অথবা অন্য কোনো শব্দের শেষে যুক্ত হয়ে এটি বোঝাতে পারে যে, ব্যবহারকারী কোনো বিষয়কে যথাসম্ভব সেরা বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সহজ কথায়, কোনো কিছুকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করাই হলো এই শব্দের মূল অর্থ।

ডিকশনারি মিডিয়া গ্রুপের লেক্সিকোগ্রাফি বিভাগের পরিচালক স্টিভ জনসন এই প্রবণতা ব্যাখ্যা করে বলেন, ‘ম্যাক্সিং হলো এমন এক সংস্কৃতির ভাষাগত প্রকাশ, যা সবকিছু থেকে সর্বোচ্চটা আদায় করার ব্যাপারে ক্রমেই বেশি আগ্রহী হয়ে উঠছে।’

ডিকশনারি ডটকমের পরিচালিত গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের আগস্ট মাসের গড় ব্যবহারের তুলনায় ২০২৬ সালের আগস্টে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ‘ম্যাক্সিং’ শব্দটির ব্যবহার প্রায় ১৯ গুণ বৃদ্ধি পেয়েছে। তবে এই শব্দটিকে চূড়ান্তভাবে নির্বাচনের আগে কর্তৃপক্ষ ‘সাশ্রয়যোগ্যতা’, ‘ডেটা সেন্টার’, ‘অভিযাত্রা’ এবং ‘আঙ্কেল’ শব্দের সংক্ষিপ্ত রূপ ‘ইইউএনসি’ শব্দগুলোকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করেছিল।

মূলত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রক্রিয়াকে বোঝাতেই ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহৃত হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনারেশন জেড (জেন-জি) এবং ৩০ বছরের কম বয়সী তরুণ প্রজন্মের মধ্যে সব ধরনের পরিপূর্ণতা অর্জনের প্রচেষ্টায় এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

কোনো কিছুকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার এই ধারণাটি একেবারে নতুন নয়। জনপ্রিয় ফ্যান্টাসি রোল-প্লেয়িং গেম ‘ডানজনস অ্যান্ড ড্রাগনস’-এর খেলোয়াড়রা দীর্ঘ বছর ধরে নিজেদের চরিত্রের সক্ষমতা বৃদ্ধির জন্য ‘মিন-ম্যাক্সিং’ কৌশল ব্যবহার করে আসছেন। এছাড়া ১৯৯০-এর দশকে মার্কিন তারকা উইল স্মিথের গানে ‘ম্যাক্সিন অ্যান্ড রিল্যাক্সিন’ কথাটি শোনা গিয়েছিল এবং ১৯৪০-এর দশকে গেম থিওরিতেও এই শব্দের প্রয়োগ ছিল।

তবে সাম্প্রতিক বছরগুলোতে জীবনের প্রতিটি দিককে নিখুঁত ও সর্বোত্তম করার প্রবণতা বাড়ার ফলে শব্দের শেষে এই প্রত্যয় বা সাফিক্স হিসেবে এর ব্যবহার অনিবার্য হয়ে উঠেছে। যেমন, ব্যক্তিত্বের উন্নয়ন বোঝাতে ‘পারসোনালিটিম্যাক্সিং’ এবং উন্নত ঘুমের জন্য ‘স্লিপম্যাক্সিং’ শব্দগুলো ব্যবহৃত হচ্ছে। এমনকি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও ‘লিথালিটিম্যাক্সিং’ শব্দটির মাধ্যমে তাদের সক্ষমতার কথা বলছে।

শব্দটির এই বহুমুখী ব্যবহারের কারণেই ডিকশনারি ডটকম একে বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে। প্রতি বছর সেরা শব্দ নির্বাচনের ক্ষেত্রে ডিকশনারি ডটকমের কর্মীরা ইন্টারনেটের সার্চ ট্রেন্ড, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য বিশ্লেষণ করেন।

এই প্রক্রিয়া সম্পর্কে ডিকশনারি মিডিয়া গ্রুপের অভিধান সংকলন বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, ‘এরপর আমরা নিজেদের প্রশ্ন করি, কোন শব্দটি এই বছরের সবচেয়ে চমকপ্রদ গল্প বলছে। এ বছর “ম্যাক্সিং” আলাদাভাবে নজর কেড়েছে। কারণ, এটি জীবনের বহুবিধ ক্ষেত্রে জড়িয়ে গেছে। মানুষ সকালের নাশতায় প্রোটিনম্যাক্সিং করছে, কর্মক্ষেত্রে এআই ব্যবহারের সময় টোকেনম্যাক্সিং করছে, শুক্রবারের ছুটির রাতে কোজিম্যাক্সিং করছে।’

কয়েক দশক ধরে বিভিন্ন রূপে এই শব্দের অস্তিত্ব থাকলেও সম্প্রতি এর ব্যাপক প্রসারের পেছনে মূল ভূমিকা রেখেছে ‘লুকসম্যাক্সিং’ প্রবণতা। অন্য সব বিষয়কে সরিয়ে রেখে নিজের বাহ্যিক সৌন্দর্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং তা বৃদ্ধির প্রচেষ্টাকেই বলা হয় লুকসম্যাক্সিং।