নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। দীর্ঘ লড়াইয়ের পর সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শাকিল ইসলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি স্থানীয় পৌর ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শাকিল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে ওসি আব্দুল হান্নান এবং শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রী জানান, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন শাকিল। পথে যখন তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছাকাছি পৌঁছান, তখন হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শাকিল দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। শাকিলের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত শাকিলকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে অস্ত্রোপচার করা হয়, তবে অবস্থার আরও অবনতি হলে তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হামলার প্রেক্ষিতে শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রী বাদী হয়ে গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
উপজেলা যুবদল নেতা ইসরাফিল শেখসহ অন্যান্য নেতাকর্মীরা জানান, হামলার রাতেই শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তার শরীরে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়। অনেক চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারা শাকিলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজ শাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “শাকিলের মতো ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করার ঘটনা খুবই দুঃখজনক।” তিনি আরও জানান যে, অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার এবং শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।