নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি গ্রামে এই ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ও স্থানীয়রা জানান, কুমারখালী গ্রামের সাইফুল ইসলাম ও ময়লালের মধ্যে এওয়াজ বদল একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার ময়লাল তার দখলে থাকা জমিতে বেড়া দেওয়ার কাজ করছিলেন। এ সময় সাইফুল ইসলাম ও তার স্বজনরা সেখানে গিয়ে কাজে বাধা দিলে শুরু হয় কথা কাটাকাটি। এরই এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। কোনো পক্ষ থেকে এখনো এ সংক্রান্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।