নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে তর্কের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর বাজারে একটি চায়ের দোকানে এই ঘটনার সূত্রপাত হয়। দোকানদার শামিম হোসেন ও মুদিদোকানদার মোস্তফার মধ্যে ৪৫ টাকার বিল নিয়ে কথা-কাটাকাটির পর হাতাহাতি হয়। বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন বাজারে সমবেত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রাতে বাজারে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে আবার বিবাদীদের মধ্যে মারামারি শুরু হয়। বিষয়টি জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফফাত মেহেজাবীন বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে আটটার দিকে তাঁরা মারামারিতে জড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আহতদের মধ্যে জয়ন্তীপুর এলাকার আতাহার আলীর ছেলে মোস্তফা ও মশিউরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আজ শুক্রবার সকাল পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।