রাজধানীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে পেশাদার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে 'এমআরইউ মিডিয়া ডে-২০২৬'।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এই দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম শাহরিয়ার নাইম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
দিনব্যাপী এই বিশেষ আয়োজনে অনলাইন সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন বিভিন্ন গণমাধ্যমের অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিকেরা। প্রশিক্ষণ সেশনের পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে ইনসাফ বারাকাহ হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসাসেবার বিশেষ ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সাংবাদিকদের পেশাগত জীবনের ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে অনেক সাংবাদিক কারাবরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। মাঠপর্যায়ে কাজ করা মাল্টিমিডিয়া সাংবাদিকদের ঝুঁকি আরও বেশি, কারণ তাদের সরাসরি ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের পাশাপাশি ফোনে ভিডিও ও ছবি ধারণ করতে হয়।’
সবশেষে তিনি সাংবাদিকদের আরও সচেতন হতে এবং নির্ভুল ও দায়িত্বশীলতার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।