রাজধানীর ফরিদাবাদ এলাকায় দখলমুক্ত করা সরকারি জমিতে শিশু ও কিশোরদের জন্য একটি খেলার মাঠ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই এই মাঠ নির্মাণের কাজ সম্পন্ন হবে এবং তিনি নিজেই এর উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক এই ঘোষণা প্রদান করেন।

উল্লেখ্য, ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় সম্প্রতি সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সিটি করপোরেশনের দাবি, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে এই জায়গাটি দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল।

উচ্ছেদ কার্যক্রম প্রসঙ্গে আবদুস সালাম বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি জায়গাটি দখল করে রাখা হয়েছিল। সেখানে মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র গড়ে উঠেছিল। উচ্ছেদের মাধ্যমে এলাকাবাসী দীর্ঘদিনের একটি ‘বিষফোড়া’ থেকে মুক্তি পেয়েছেন। এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হবে।” তিনি আরও জানান, মাঠের পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং পর্যাপ্ত জায়গা পাওয়া গেলে সেখানে একটি কমিউনিটি সেন্টারও নির্মাণ করা হতে পারে।

সরকারি জমি উদ্ধারে কার্যকর ভূমিকা পালন করায় ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ডিএসসিসি প্রশাসক।

এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, “পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসনের সদিচ্ছা এবং এলাকার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে অনেক কঠিন কাজও করা সম্ভব।” এই সময়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের প্রতিও নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে ৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নকাজের বিস্তারিত হিসাব তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, বর্তমানে এই ওয়ার্ডে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এছাড়া নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন করা হয়েছে। সব মিলিয়ে এই ওয়ার্ডে মোট ১৫ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে আবদুস সালাম বাংলাদেশ ব্যাংক কলোনি ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও রাস্তার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। উদ্ধার করা সরকারি জমিতে তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কলোনিতে মশার লার্ভা ধ্বংসে পরিচালিত বিশেষ কার্যক্রমে অংশ নেন ডিএসসিসি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।