ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে আগামী এক মাসের মধ্যে একটি খেলার মাঠ নির্মাণ করা হবে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় তিনি এক বিশেষ পরিদর্শনে যান। সেখানে বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রম খতিয়ে দেখার পর আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসক এই সিদ্ধান্ত জানান।
এ বিষয়ে মো. আবদুস সালাম বলেন, “দীর্ঘ ৪৮-৫০ বছর ধরে সরকারি জায়গাটি দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল, যা এলাকার চিহ্নিত মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর এ দীর্ঘদিনের ‘বিষফোড়া’ থেকে এলাকাটি মুক্ত হয়েছে। এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ এবং সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে একটি কমিউনিটি সেন্টার নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।”
প্রশাসক আরও জানান, আগামী এক মাস পর তিনি এই নবনির্মিত খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উচ্ছেদ অভিযানটি সফল করতে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘লিশ ও প্রশাসনকে সব কাজে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো চাইলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে,অনেক অসম্ভব কাজও সম্ভব।’
পাশাপাশি তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন যেন তারা এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করেন।
ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে প্রশাসক জানান, বর্তমানে ৪৭ নম্বর ওয়ার্ডে ১১ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এই ওয়ার্ডেই মোট ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
পরিদর্শন চলাকালীন ডিএসসিসি প্রশাসক উচ্ছেদকৃত স্থানে নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং কোথাও ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।