বাবার মতোই অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলছেন আলী রাজ্জাক। যদিও ব্যাট ও বলের সমন্বয়ে এখনো সাবেক তারকা আবদুল রাজ্জাকের মতো সমান তালে পারফর্ম করতে পারেননি, তবে ব্যাটিংয়ে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ ক্রিকেটার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে এক অনন্য কীর্তি গড়ে আলোচনায় এসেছেন তিনি। একই ম্যাচে একটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব দেখিয়েছেন রাজ্জাকপুত্র।

প্রেসিডেন্টস ট্রফিতে ঘানির হয়ে খেলছেন ২২ বছর বয়সী আলী রাজ্জাক। টুর্নামেন্টের শেষ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ছিল অয়েল অ্যান্ড গ্যাস। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে চরম চাপের মুহূর্তে আলীর সেঞ্চুরিটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ঘানি। সেই কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন আলী। তিনি অন্য এক অলরাউন্ডার হুসাইন তালাতের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৯ রানের একটি বড় জুটি গড়েন। ওই জুটিতে তালাত করেন ১০৮ রান।

এরপরই থেমে থাকেননি আলী। হাশিবুল্লাহ খানের সঙ্গে সপ্তম উইকেটে আরও ১২০ রানের একটি শক্তিশালী জুটি গড়ে তোলেন তিনি। শেষ পর্যন্ত ১৫১ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন আলী রাজ্জাক। তবে ম্যাচটি শেষ হয় দুই দলের সম্মতিতে ড্র হওয়ার মাধ্যমে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি আলীর তৃতীয় সেঞ্চুরি এবং চলতি মৌসুমে দ্বিতীয়। ম্যাচের প্রথম ইনিংসেও দারুণ ব্যাটিং করেছিলেন তিনি; সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রান করেন আলী। তাঁর এই ব্যাটিংয়ের ওপর ভর করে ঘানি ২৩২ রান সংগ্রহ করে। জবাবে ইমাম-উল-হকের ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৪১০/৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অয়েল অ্যান্ড গ্যাস।

প্রেসিডেন্টস ট্রফির পরিসংখ্যান অনুযায়ী, ১১ ইনিংসে আলীর মোট সংগ্রহ ৪৮৩ রান, যার গড় ৫৩.৬৬। এই মৌসুমে তিনি দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন। ঘানির হয়ে চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

চলতি মৌসুমে আলীর প্রথম সেঞ্চুরিটি এসেছিল স্টেট ব্যাংক অব পাকিস্তানের বিপক্ষে, যারা ফাইনালে উঠেছিল। সেই ম্যাচে তিনি ১০১ রান করলেও ইনিংস ও ১৮ রানে হেরেছিল ঘানি। বাবার মতো পূর্ণাঙ্গ অলরাউন্ডার হতে আরও পথ বাকি থাকলেও পেস বোলিংয়েও অবদান রাখছেন আলী। চলতি মৌসুমে সাত ইনিংসে ২৬.৪ ওভার বোলিং করে তিনি দুটি উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৬ ম্যাচে তাঁর রান ৯৮৭, যার গড় ৩৯.৪৮।

এর আগে বছরের শুরুতে ন্যাশনাল টি-টুয়েন্টি কাপেও আলোচনায় এসেছিলেন আলী। টুর্নামেন্টের অভিষেকেই এক ওভারে ২৬ রান তুলে চমক দেখান তিনি। লাহোর ব্লুজের হয়ে মুলতান রিজিয়নের বিপক্ষে ২৬ বলে ৪৫ রান করেছিলেন তিনি। এবার প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন রাজ্জাকপুত্র।