পাকিস্তানের দুই শীর্ষ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক আসন্ন প্রেসিডেন্টস ট্রফিতে মাঠে নামতে পারবেন না। বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষার রিপোর্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে জমা না দেওয়ায় তাদেরকে আপাতত প্রথম শ্রেণির ক্রিকেটে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তানের গ্রেড-১ প্রেসিডেন্টস ট্রফি। তবে টুর্নামেন্টের ঠিক এক দিন আগে এই সিদ্ধান্ত জানানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ বিভাগীয় দলের অধীনে ফিটনেস পরীক্ষা দেওয়ায় ব্যর্থ হন দুই তারকা। ফলে তাদের রিপোর্ট বোর্ডের কাছে পৌঁছায়নি এবং টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি পাচ্ছেন না তারা।

এর আগে একদিন আগেই প্রকাশিত স্কোয়াডে দুজনকেই স্থান দেওয়া হয়েছিল। ওজিডিসিএল দলের অধিনায়ক হিসেবে ইমাম-উল-হক এবং এসএনজিপিএল দলের সহ-অধিনায়ক হিসেবে রিজওয়ানকে রাখা হয়েছিল। নিয়মিত অধিনায়ক শান মাসুদ প্রথম রাউন্ডে খেলতে না থাকায় দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁদের।

পিসিবির নতুন ঘরোয়া ক্রিকেট নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক। প্রথম স্তরের ক্রিকেটারদের ১১ ধরনের পরীক্ষায় অংশ নিতে হয় এবং ফলাফল সরাসরি বোর্ডের মেডিকেল ও স্পোর্টস সায়েন্স বিভাগে পাঠানো হয়।

রিজওয়ান ও ইমামের বর্তমান পরিস্থিতি এমনিতেই উদ্বেগজনক। ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টের পর দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যেই ছিলেন তারা। এরপর বৃহস্পতিবার লাহোরে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি তাদের জিজ্ঞাসাবাদ করে। সেই তদন্তে তাদের মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম। তবে ঠিক কোন অভিযোগকে কেন্দ্র করে তদন্ত চলছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানীয় প্রতিবেদনে ভিন্ন ভিন্ন কারণের কথা বলা হচ্ছে।

এর মধ্যেই ঘরোয়া ক্রিকেটে খেলতে না পারা দুজনের জন্য এটি নতুন ধাক্কা। প্রেসিডেন্টস ট্রফিতে ইমামের ওজিডিসিএলের প্রথম ম্যাচ পাকিস্তান টেলিভিশনের বিপক্ষে। আর রিজওয়ানের এসএনজিপিএল প্রথম রাউন্ডে খেলবে স্টেট ব্যাংক অব পাকিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টটি চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

ফিটনেস পরীক্ষা সম্পন্ন করে পরে তাঁরা টুর্নামেন্টে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।