ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তবে এবার তার ব্যাট হাতে নয়, বরং মাঠের বাইরের এক ঘটনায়। গতকাল ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর চতুর্থ রাউন্ডের ম্যাচে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে খেলছিলেন তিনি। এই ম্যাচেই দর্শকদের অবাধ প্রবেশ ও বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট মহল।
ম্যাচের ফিল্ডিংয়ের সময় কয়েকজন দর্শক নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করে মাঠে ঢুকে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠে ঢোকা এক ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বাবর। এরপর আরেক ভক্তের হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে তা মাটিতে ছুড়ে ফেলতেও দেখা যায় তাঁকে। এছাড়া আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথেও কয়েকজন দর্শক তাঁকে ঘিরে ধরেন এবং ছবি ও সেলফি তোলার চেষ্টা করেন, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। পরে মাঠকর্মীরা হস্তক্ষেপ করে বাবরকে নিরাপদে ডাগআউটে নিয়ে যান। ভিডিওতে দেখা যায়, এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও বাবর শান্ত ছিলেন।
একটি ভিন্ন ভিডিওতে দেখা যায়, খেলার মাঝখানেই কয়েকজন ভক্ত মাঠে ঢুকে পড়েন, যার কারণে বাবরকে ম্যাচ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ভক্ত বাবরের আচরণের সমালোচনা করলেও অন্যরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে দর্শকদের মাঠে ঢোকার বিষয়টি তুলে ধরে বাবরের পক্ষ নিয়েছেন।
ঘটনার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সাত বছর পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন বাবর। ম্যাচে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি)-এর বিপক্ষে ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে চার নম্বরে ব্যাট করেন তিনি। ৩৯ বল খেলে ২১ রান করেন বাবর। আফাক আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।
এর আগে তৃতীয় রাউন্ডের ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাবর। সেই ম্যাচে ১২ ও ৪ রান করে আউট হন। টেস্ট ক্রিকেটেও দীর্ঘদিন সেঞ্চুরি নেই বাবরের। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে ১৬১ রান করার পর আর তিন অঙ্কের দেখা পাননি। ২০২৩ সাল থেকে টেস্টে ৩৯ ইনিংসে বাবরের ব্যাটিং গড় ৩০.৪৩। তাঁর ক্যারিয়ার গড়ের চেয়ে যা ১২.৫৫ রান কম। খারাপ সময়ের মধ্যে যোগ হলো নতুন ঘটনা।