অনলাইন বেটিং এবং জুয়া সংক্রান্ত দীর্ঘ তদন্তের কারণে এতদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল মোহাম্মদ রিজওয়ানকে। অবশেষে সেই বাধা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন পাকিস্তানের এই তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান।
আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ টুর্নামেন্টের শেষ রাউন্ডে অংশ নিতে পারবেন তিনি। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবেই মাঠে ফিরছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এই খবরের কথা জানিয়েছে।
এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ রিজওয়ানের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর তাঁর খেলার পথ প্রশস্ত হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে চলমান তদন্তের কোনো চূড়ান্ত সমাধান হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে শেষ হওয়া ইংল্যান্ড সফর থেকে ফেরার পর রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এই তদন্তের কারণেই আট দলের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফিতে তাঁর অংশগ্রহণ নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল থেকে মাঝপথে বাদ পড়ার পর রিজওয়ান এসএনজিপিএলের সঙ্গে যুক্ত হন। অধিনায়ক শান মাসুদের অনুপস্থিতিতে তাঁরই দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তিনি দলের অনুশীলন সেশন এবং বিভিন্ন সভায়ও অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর পিসিবি কর্তৃপক্ষ এসএনজিপিএলের সঙ্গে যোগাযোগ করে রিজওয়ানকে না খেলানোর নির্দেশ দেয়। বোর্ড তখন জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে রিজওয়ান ও পিসিবির মধ্যে পুনরায় যোগাযোগ শুরু হয়। তবে প্রেসিডেন্টস ট্রফিতে খেলার অনুমতি চেয়ে নয়, বরং নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন তিনি। জিও সুপার জানিয়েছে, ওই টুর্নামেন্টের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর চুক্তি চূড়ান্ত হয়ে গেছে।
এদিকে এসএনজিপিএল কর্তৃপক্ষও রিজওয়ানের সঙ্গে যোগাযোগ করে তাঁকে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলার জন্য অনুরোধ জানায়। ঘরোয়া ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেলেও নেপাল প্রিমিয়ার লিগে খেলার এনওসি এখনো পাননি তিনি।
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পর পিসিবি হয়তো নেপাল প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দিতে পারে। সাধারণত পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট চলাকালীন বিদেশি লিগে খেলার অনুমতি দিতে অনাগ্রহী থাকে বোর্ড। সে কারণে নেপাল প্রিমিয়ার লিগে রিজওয়ানের অংশগ্রহণের বিষয়টি আপাতত অনিশ্চিত হয়ে আছে। ঠিক যেমন অনিশ্চিত হয়ে আছে তদন্ত পরবর্তী রিজওয়ানের ভবিষ্যৎ ভাগ্যও।