মাগুরার শ্রীপুরে বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, চিকিৎসক নিশ্চিত করে বলতে পারিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার মকরদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন। আলমগীরকে বন্ধুরা রাতে বাড়িতে পৌঁছে দেন। পরে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে যান।

আলমগীরের বাবা আজম লস্কর জানান, অসুস্থ হয়ে পড়ার পর শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পরিবারের সদস্যরা আলমগীরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বিধানের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, বৃহস্পতিবার গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় বিধানকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া জানান, অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।