মাগুরার শ্রীপুর উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার অবৈধভাবে মজুত ও কালোবাজারির অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের বাড়ি ও গুদাম থেকে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি জানান, রোববার মুক্তকণ্ঠে 'অবৈধ মজুত ৩২৮ বস্তা সার জব্দ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই শহীদ জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দার নামের ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ২ নম্বর আমলসার এলাকায় চড়াও হওয়া হয়। অভিযানের সময় শহীদ জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দারের বসতবাড়ি ও গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর ২৫(১) ধারায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। রোববার দায়েরকৃত মামলায় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিনসহ তিনজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর লাঙ্গলবান্ধ ও কোদলা এলাকায় পুলিশ পুনরায় অভিযান চালিয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারের অবৈধ মজুত ও কালোবাজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির মাধ্যমে বিক্রির বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।