মাগুরায় সারের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টিকারবিলা বাজারে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে।
অভিযানে অনুমোদনহীনভাবে সার মজুত রাখার দায়ে জামিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিকারবিলা বাজারের ব্যবসায়ী জামিরুল ইসলামের বসতঘরে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে ২৮৮ বস্তা সার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল। উল্লেখ্য, গত ৫ দিনের ব্যবধানে একই এলাকায় অবৈধ সারের বিরুদ্ধে এটি দ্বিতীয় সফল অভিযান।
সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি অভিযুক্ত জামিরুল ইসলামকে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ সহায়তায় এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি বলেন, "কৃষি খাতে কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বনকারীদের বরদাশত করা হবে না। কৃষকদের স্বার্থে এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।"