নীলফামারীর জলঢাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭৭৩ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে সার অবৈধ মজুতের দায়ে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালারপুকুর স্বপনবাজার ও টেংগনমারী এলাকায় এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি এই অভিযানের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, বালারপুকুর স্বপনবাজারের ‘মুয়াজ এন্টারপ্রাইজ’-এর মালিক মুশফিকুর রহমান বেশ কিছুদিন ধরে অবৈধভাবে সার মজুত করে কৃষকদের কাছে চড়া দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪০৯ বস্তা এমওপি ও ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, টেংগনমারী এলাকার ‘মাহফুজ ট্রেডার্স’ থেকে ১৫০ বস্তা টিএসপি, ১২০ বস্তা এমওপি, ৩৫ বস্তা ডিএপি ও ৪ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এই প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রতিষ্ঠান দুটি মূলত খুচরা সার বিক্রেতা। খুচরা বিক্রেতাদের এভাবে বিপুল পরিমাণ সার মজুত করার কোনো সুযোগ নেই। তারা অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বেশি দামে বিক্রির অপচেষ্টা করছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মোট ৭৭৩ বস্তা সার জব্দ এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”