মাগুরার শ্রীপুর উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নিয়ে কৃষি সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাকোল পুরাতন বাজারে অবস্থিত 'মেসার্স মা ট্রেডার্স' নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে এ জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারিভাবে ডিএপি সারের একটি বস্তার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ টাকা। কিন্তু অভিযানকালে দেখা যায়, ওই প্রতিষ্ঠানে একই সার বিক্রি করা হচ্ছে এক হাজার ৪৫০ টাকায়। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা করে অতিরিক্ত চার্জ করা হচ্ছে।

অভিযানে আরও তথ্য পাওয়া গেছে যে, ক্রেতাদের কাছে থেকে অতিরিক্ত টাকা নেওয়া হলেও কোনো ভাউচার প্রদান করা হচ্ছে না। এছাড়া, বিক্রয় রেজিস্টারে সার বিক্রির যথাযথ তথ্য লিপিবদ্ধ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

এ ছাড়াও, ওই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বীজ এবং কীটনাশক পাওয়া গেছে। মেয়াদ শেষ হওয়া এবং ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে সেগুলো খোলা বাজারে বিক্রির প্রমাণও মিলেছে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে।

মাগুরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "মেসার্স মা ট্রেডার্সের মালিককে আগেও সতর্ক করা হয়েছিল। সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম অব্যাহত রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে জরিমানা করা হয়েছে।"