ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আনন্দবাজার এলাকায় ইলিশ মাছের ওজন মেশিনে বিশেষ কৌশলে কারচুপি করে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে এক বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় মাছের পাইকারি ও খুচরা আড়ত ও দোকানগুলোতে অভিযান চালানো হয়। এই অভিযানের সময় 'মেসার্স সিয়াম মিয়া' নামের ইলিশ মাছের দোকানে ওজন মেশিনে কারচুপির বিষয়টি ধরা পড়ে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, দোকানটির মালিক আপেল মাহমুদ ওজন মেশিনের ভেতরে রাবার ও রশি সংযুক্ত করে রেখেছিলেন। রশিটির অপর প্রান্ত গামছার আড়ালে তার হাতের কাছে রাখা থাকত। রশি টানা বা ঢিলা করার মাধ্যমে তিনি ইচ্ছেমতো ওজনে হেরফের করতেন। ক্রেতাদের অলক্ষ্যে এভাবে ওজন কমিয়ে মাছ বিক্রির বিষয়টি অভিযানকালে হাতেনাতে ধরা পড়ে। পরে কারচুপিতে ব্যবহৃত রশি, রাবারসহ ওজন মেশিনটি জব্দ করা হয়।
অভিযানে অনিয়ম স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন আপেল মাহমুদ। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, "ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের ঠকানোর কোনো সুযোগ নেই। ব্যবসায়ীদের সঠিক ওজনে পণ্য বিক্রি করতে হবে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"