চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে নিয়মিত অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে মূল্যতালিকা না রাখা, পচা-বাসি খাবার সংরক্ষণ, ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং উৎপাদন বা মেয়াদ শেষ তারিখবিহীন খাদ্যপণ্য রাখার অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযানে ইসলামীয়া বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা, প্রধানীয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, বন্ধু মেডিসিনকে ১০ হাজার টাকা, নিউ মিতালী ফুডকে ৫ হাজার টাকা এবং রাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করেন।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষিত পচা-বাসি খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, "ভোক্তাদের নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য কিংবা ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার করে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।"
এ সময় অভিযানে কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।