ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে ইলিশ মাছ বিক্রির সময় ওজন যন্ত্রে কারচুপির অভিযোগে এক বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের আনন্দবাজারের একটি মাছের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকারের উপপরিচালক ইফতেখারুল আলম। ওজন যন্ত্রে রশি বেঁধে ক্রেতাদের প্রতারিত করার দায়ে মাছ বিক্রেতা আপেল মাহমুদকে হাতেনাতে ধরা হয়।

ভোক্তা অধিকার ও স্থানীয় সূত্রে জানা যায়, আপেল মাহমুদ তাঁর ডিজিটাল পাল্লা বা ওজন পরিমাপক যন্ত্রের ভেতরে একটি রাবার রশি সংযুক্ত করেছিলেন। গামছার আড়ালে এই রশিটি টান ও ঢিলা করার মাধ্যমে তিনি ইচ্ছেমতো ওজন নিয়ন্ত্রণ করতেন এবং ক্রেতাদের কম ওজন দিয়ে প্রতারণা করতেন।

এ বিষয়ে ইফতেখারুল আলম বলেন, "দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মাছ বিক্রেতা আপেল মাহমুদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।" জরিমানার পর আপেল মাহমুদ ভবিষ্যতে আর এমন কারচুপি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।