ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মিজানুর রহমানকে ঢাকায় নিয়ে আসা হয়।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক এই বিষয়ে জানিয়েছেন, “ভূমিমন্ত্রীরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখানেই তাঁর চিকিৎসা দেওয়া হবে।”

জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। অসুস্থ হয়ে পড়ার পরপরই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল থেকেই হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা কার্যক্রম চলছিল। চিকিৎসকরা জানান, রক্তশূন্যতা দেখা দেওয়ায় তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে ঢাকার বিএমইউ হাসপাতালে স্থানান্তরের।

এদিকে, নিজের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান।