ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কল্পনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
মৃত কল্পনা খাতুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোমিনপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। ডেঙ্গু জ্বরের পাশাপাশি তিনি সেপটিক শক, ডায়াবেটিস, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা, হৃদপিণ্ডের আকার বড় হয়ে যাওয়া এবং ব্রঙ্কিয়েকটেসিসে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৪৮ জন রোগী। তাদের মধ্যে পুরুষ ৪৭ জন, নারী ৪২ জন এবং শিশু ৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন ভর্তি হয়েছেন এবং ৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই হাসপাতালে মোট ২ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন।