অসুস্থতার কারণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত একটি জনসভায় তিনি অংশ নিয়েছিলেন। তবে বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

এদিকে নিজের অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”

উল্লেখ্য যে, এর আগে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়েছিলেন মো. মিজানুর রহমান মিনু। ভূমিমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা। এছাড়া রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ বিভিন্ন চিকিৎসক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।