রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে ‘স্ট্যান্ড রিলিজ’ করার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত হয় গতকাল প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে। সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী যখন রাজশাহী ত্যাগ করছিলেন, তখন বিমানবন্দরে তাঁকে বিদায় জানানোর সময় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদায় জানানোর মুহূর্তে ইউসুফ আলী হাত মেলানোর জন্য প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান।

সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে যে, ওই সময়ে তিনি প্রোটোকলের বা রাষ্ট্রাচারের নির্ধারিত সারি ভেঙে প্রধানমন্ত্রীর খুব কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। রাষ্ট্রাচারের এই নিয়ম ভঙ্গ করার কারণেই তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে দ্রুত প্রত্যাহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।