ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। এই আটকের পাশাপাশি দিল্লির কনট প্লেস এলাকায় সমবেত হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রশাসন।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে অভিজিৎ দিপকেকে তুলে নিয়ে যায় পুলিশ। দিল্লির কারোবাগের ওই বাড়িতে অবস্থান করছিলেন অভিজিৎ দিপকে।
অভিজিৎ দিপকেকে আটক করার ঠিক এক ঘণ্টা আগে পুলিশ ওই বাড়িতে পৌঁছে সিজেপির আজকের কর্মসূচি বন্ধ করার জন্য একটি নোটিশ প্রদান করে। তবে পুলিশি সেই নোটিশ প্রত্যাখ্যান করেছিলেন অভিজিৎ।
নোটিশ দেওয়ার সময় পুলিশ ও দিপকের মধ্যে যে কথোপকথন হয়, তার একটি ভিডিও ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এনডিটিভি ওই ভিডিওর বরাতে খবর প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা দিপকেকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করেন।
পুলিশের সেই নির্দেশের জবাবে দিপকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অভিজিৎ দিপকের পরনে ছিল একটি সাদা টি শার্ট এবং নীল ডেনিম প্যান্ট। তাঁর টি শার্টের ওপর মহাত্মা গান্ধীর ছবি ছিল এবং কাঁধের ওপর একটি জাতীয় পতাকা রাখা ছিল। তাঁদের কথোপকথনের ভিডিওর কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কর্তৃক দেওয়া কিছু কাগজপত্র দেখে দিপকে প্রশ্ন করেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’