ফ্রিল্যান্সিং খাতের ভবিষ্যৎ সম্ভাবনা এবং এর গুরুত্বকে সামনে রেখে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় গতকাল বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে বৈশ্বিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভআর। আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উদ্যাপনের লক্ষ্যে এই বিশেষ আয়োজনটি করা হয়। ফাইভআর বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে ২০২৬: দ্য ফিউচার অব ফ্রিল্যান্সিং’। উক্ত অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ৭০ জন ফ্রিল্যান্সার এবং পেশাজীবী উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
পুরো আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ছিল ডিজিটাল বিপণন বা ডিজিটাল মার্কেটিং বিষয়ক একটি বিশেষ প্যানেল আলোচনা। এই আলোচনায় অংশ নেন ফাইভআরের টপ-রেটেড ও ভেটেড প্রো সেলার রাহিতুল ইসলাম। তিনি ডিজিটাল বিপণন খাতের বহুমুখী দিকগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করার পাশাপাশি এই পেশার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। এছাড়া বিশ্ববাজারে ডিজিটাল বিপণন খাতে বর্তমানে যে তীব্র প্রতিযোগিতা চলছে, সেখানে টিকে থাকার কার্যকর কৌশলগুলো নিয়েও তিনি আলোচনা করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া ফাইভআরের শীর্ষস্থানীয় ও যাচাইকৃত ভেট্টেড প্রো এবং টপ রেটেড সেলার ফ্রিল্যান্সার পপি রানী সিনহা মুক্তকণ্ঠকে বলেন, ‘দেশের উদীয়মান ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য এটি ছিল এক গর্বের মুহূর্ত ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যা বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক বাজারে আরও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পাশাপাশি, অনুষ্ঠানে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অর্জিত সাফল্য উদ্যাপনের পাশাপাশি তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা হয়। কর্মক্ষেত্রের ভবিষ্যৎ এবং পেশাগত উৎকর্ষ সাধনের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ফাইভআর বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার জাহিদ ইসলাম।