উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীই কাঙ্ক্ষিত জিপিএ না পেয়ে চরম হতাশ হয়ে পড়েন। এটি একটি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া হলেও মনে রাখা প্রয়োজন যে, একটি নির্দিষ্ট জিপিএ কখনোই জীবনের শেষ কথা নয়। প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার নম্বরের ওপর নির্ভর করে না; বরং সঠিক দিকনির্দেশনা, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জন করা সম্ভব। তাই উচ্চমাধ্যমিকে আশানুরূপ ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে।
কম জিপিএ পাওয়ার পর প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজেকে মানসিকভাবে সামলে নেওয়া। ফলাফল খারাপ হওয়ার পেছনে শারীরিক অসুস্থতা, পারিবারিক সংকট কিংবা প্রস্তুতির অভাবের মতো নানা কারণ থাকতে পারে। তবে অতীত নিয়ে পড়ে থেকে সময় নষ্ট না করে বর্তমান পরিস্থিতি মেনে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য সফল মানুষের উদাহরণ রয়েছে, যাঁরা একাডেমিক ফলাফলের দিক থেকে সাধারণ মানের হওয়া সত্ত্বেও নিজেদের কর্মদক্ষতা ও মেধার জোরে অনন্য উচ্চতায় পৌঁছেছেন।
কাঙ্ক্ষিত জিপিএ না থাকলে প্রথম সারির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ অনার্স কোর্সে ভর্তি হওয়া কিছুটা কঠিন হতে পারে, তবে পড়াশোনার সব পথ বন্ধ হয়ে যায় না। সামনে অনেক বিকল্প সুযোগ খোলা থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে অনার্স (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়, যেখানে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার সমান সুযোগ থাকে। এছাড়া বিএ, বিএসএস বা বিকম ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া সম্ভব। এই কোর্সগুলোর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া বা অন্য কোনো বিশেষ দক্ষতা অর্জনের জন্য প্রচুর সময় পাওয়া যায়। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বা বুয়েটে মাস্টার্স করার সুযোগ রয়েছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশন ফির ওপর ছাড় বা বৃত্তির ব্যবস্থা করে থাকে। পাশাপাশি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষার মাধ্যমে দ্রুত কর্মক্ষম হয়ে ওঠার সুযোগ রয়েছে।
উচ্চমাধ্যমিকে কম জিপিএ পেলেও ইংরেজি বা আইন বিষয়ে পড়ার মাধ্যমে স্বপ্ন পূরণ করা সম্ভব। প্রথাগত প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ সীমিত হলেও বিকল্প অনেক পথ খোলা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি অধিভুক্ত কলেজে অনার্সে ভর্তি হতে পারেন। নিয়মিত অধ্যবসায় ও চর্চার মাধ্যমে ভালো ফল করা যায়। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম জিপিএধারীদের জন্য বিশেষ টিউশন ফি ছাড় ও স্কলারশিপ দিয়ে থাকে। নিজেকে ইংরেজিতে স্পিকিং, রাইটিং ও অনুবাদে দক্ষ করে তুলুন। ফ্রিল্যান্স কনটেন্ট রাইটিং, ট্রান্সলেশন বা করপোরেট কমিউনিকশনে উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব। ভবিষ্যতের কথা বিবেচনা করে আইন বিষয়ে পড়তে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ল কলেজগুলো থেকে চার বছর মেয়াদি এলএলবি (অনার্স) বা দুই বছরমেয়াদি পাস কোর্স সম্পন্ন করা যায়। ইংরেজি সাহিত্য ও ভাষা নিয়ে পড়াশোনা করলে কর্মক্ষেত্র অত্যন্ত বিস্তৃত হয়। করপোরেট সেক্টরে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কমিউনিকেশন ম্যানেজার, পিআরও বা মানবসম্পদ পদে চাকরির প্রচুর চাহিদা রয়েছে। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিকতা, কনটেন্ট রাইটিং, কপিরাইটিং ও অনুবাদক হিসেবে দেশ-বিদেশে নিজের ক্যারিয়ার গড়া সম্ভব। পাশাপাশি আইইএলটিএস ট্রেইনার বা শিক্ষকতা পেশায় রয়েছে মর্যাদাপূর্ণ অবস্থান। আবার এলএলবি সম্পন্ন করার পর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিয়ে জেলা জজ কোর্ট বা সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করা যায়। বিচার বিভাগীয় পরীক্ষা (বিজেএস) দিয়ে সরাসরি জজ হওয়ার সুযোগও রয়েছে। এ ছাড়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট হাউস ও আন্তর্জাতিক সংস্থায় কর্মকর্তা হিসেবে আকর্ষণীয় বেতনে চাকরি পাওয়া যায়।
বর্তমান যুগে প্রথাগত ডিগ্রির চেয়ে বাস্তব দক্ষতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই জিপিএ কম থাকলে কারিগরি শিক্ষার দিকে ঝুঁকে পড়া একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়, যা শেষ করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ও মাস্টার্স করার সুযোগ থাকে। এছাড়া আইটি ও ফ্রিল্যান্সিং কোর্স করা যেতে পারে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বা সাইবার সিকিউরিটির মতো বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করে ঘরে বসেই আন্তর্জাতিক মানের কাজ শুরু করা সম্ভব। বর্তমানে ফ্রিল্যান্সিং বাজারে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের চেয়ে কাজের অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। দেশে অনেক ভোকেশনাল কোর্সে পড়ার সুযোগ আছে। নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন বা বিভিন্ন বিদেশি ভাষা (যেমন ইংরেজি, জাপানি বা জার্মান ভাষা) শিখে দেশে ও বিদেশে ভালো চাকরির সুযোগ পাওয়া যায়।
পড়াশোনার পাশাপাশি বা বিকল্প হিসেবে কিছু প্রয়োজনীয় সফট স্কিল অর্জন করা অত্যন্ত জরুরি। বাংলা ও ইংরেজিতে সাবলীল কথা বলা ও লেখার দক্ষতা অর্জন করতে হবে। মাইক্রোসফট অফিস, ডাটা এন্ট্রি এবং বেসিক কম্পিউটার ব্যবহারে পারদর্শী হওয়া প্রয়োজন। বিভিন্ন ওয়ার্কশপ বা অনলাইন কোর্সের মাধ্যমে লিডারশিপ ও প্রবলেম সলভিং স্কিল বাড়ানো যেতে পারে।
অনেকে ইন্টারমিডিয়েটের পরপরই চাকরির বাজারে প্রবেশ করতে চান। এইচএসসি পাসের যোগ্যতার ভিত্তিতে অনেক ধরনের সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ থাকে। সামরিক বাহিনীতে (সেনা, নৌ ও বিমানবাহিনীতে সৈনিক পদ), বাংলাদেশ পুলিশে কনস্টেবল, রেলওয়ে, পোস্ট অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে ১৩তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে। এ ছাড়া বিভিন্ন করপোরেট অফিস, শোরুম, কাস্টমার কেয়ার বা ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের পদে কাজ শুরু করা সম্ভব। এই প্রাথমিক চাকরির অভিজ্ঞতা পরবর্তীকালে ক্যারিয়ারের বড় একটি যোগ্যতা হিসেবে গণ্য হয়।