বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়ন এবং মানবসম্পদ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ দক্ষতা কাজে লাগাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এই লক্ষ্যে বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক অব আমেরিকা (বিটনা) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১ নভেম্বর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য এ এস এম আমানুল্লাহ এবং বিটনার পক্ষে স্বাক্ষর করেন মশিউর রহমান খন্দকার। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক শিক্ষা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের প্রক্রিয়াকে আরও জোরদার করাই এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে বিটনার পক্ষ থেকে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা। তাদের মধ্যে ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ও সিন্দবাদ ক্যাপিটালের স্টার্টআপ বিনিয়োগকারী মশিউর খন্দকার, হেজফান্ডের সিনিয়র রিস্ক অ্যান্ড এআই ইঞ্জিনিয়ার ও ক্রিবো এআইয়ের প্রতিষ্ঠাতা সারাফ তালুকদার, এসঅ্যান্ডপি গ্লোবালের এআই ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ও ইনফিক্সটেকের প্রতিষ্ঠাতা রিয়াজ পাটোয়ারী এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ক্রিবোর সহপ্রতিষ্ঠাতা ইব্রাহিম সিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন আইবিএমের এআই ইঞ্জিনিয়ারিং লিডার ও প্রেয়ার্স কানেক্ট ও মিটপিওর ইভেন্টসের প্রতিষ্ঠাতা জাকির হোসেন এবং জান হেলথের প্রতিষ্ঠাতা তৌফিক হারুন।
স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি, পেশাগত দক্ষতা অর্জন, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ, ফলিত গবেষণা, উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক মেন্টরশিপের ক্ষেত্রে সহযোগিতার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে। এই চুক্তির অধীনে ভবিষ্যতে এআই-ভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ এবং কর্মসংস্থানমুখী বিশেষ প্রশিক্ষণের মতো বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হতে পারে।
বিটনার এই প্রশংসনীয় উদ্যোগের কথা উল্লেখ করে উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, “শিক্ষাব্যবস্থায় এআইয়ের কার্যকর ব্যবহার, দক্ষ কর্মী তৈরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা এখন জরুরি।” তিনি আরও জানান যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ৪০ লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। বিটনার সহায়তায় এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে অন্তত ১০ লাখ শিক্ষার্থীকে এআই-সংশ্লিষ্ট বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য যে, ২০১১ সালে প্রতিষ্ঠিত বিটনা (bitna.org) মূলত আইটি এবং অন্যান্য খাতের পেশাজীবীদের একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে আসছে। প্রবাসীদের শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি সংগঠনটি এখন রেমিট্যান্সের বাইরেও নিজেদের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের টেকসই ও পরিমাপযোগ্য উন্নয়নে অবদান রাখতে আগ্রহী।
এদিনের অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেছিলেন নিউইয়র্ক ও কলাম্বিয়া ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক আবদুল্লাহ হাসান, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ডিন ও অধ্যাপক মহসিন পাটোয়ারী, ইন্টেলের ডেটা সায়েন্টিস্ট ও কাইল্যাবস–কাইড্রোনসের প্রতিষ্ঠাতা কে এম মহসিন, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সাইবার নিরাপত্তা ও এআইয়ের সহকারী অধ্যাপক আবু কামরুজ্জামান, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক শেবুতি রায়ানা, এআই সায়েন্টিস্ট রুহুল আমিন, সেন্ট জনস ইউনিভার্সিটি ও নিউইয়র্ক ইউনিভার্সিটির কুতুব উদ্দিন ঠাকুর, অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার ইভান, মরগ্যান স্ট্যানলির প্রোগ্রাম ডিরেক্টর মো. হাসেম, কোনা সফটওয়্যার ল্যাবের সিটিও জাহিদুল আমিন, ওরাকলের ডেটা সেন্টার বিভাগের লিড প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রনি আহমেদ, ব্লকচেইন উদ্যোক্তা আকবর হোসেন, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ডেটা সেন্টার ডিরেক্টর কামরুল আহসান ও অধ্যাপক নজরুল খন্দকার।