দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সরকার। এই প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হবেন, তাদের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী বছর থেকে এই উদ্যোগটি প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকার সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
আজ শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মাহদী আমিন এই বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন।
অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, “দেশব্যাপী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজনে দেশের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণেরা অংশ নেবে। যারা চূড়ান্তভাবে বিজয়ী ও সেরা হিসেবে উঠে আসবে, সরকার নিজস্ব অর্থায়নে তাদের জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করবে। যাতে তরুণেরা বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পারে।”
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে আশ্বস্ত করে তিনি আরও বলেন, “আগামী বছর থেকে এই প্রস্তাব প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।”
তরুণ প্রজন্মের রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত ক্ষমতায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, কর্মসংস্থান সৃষ্টি, যুগোপযোগী দক্ষতা অর্জন এবং মানবসম্পদ উন্নয়নের জন্য যে সকল নীতি প্রণয়ন করা হয়, তার প্রতিটি স্তরে তরুণদের প্রত্যাশা, দৃষ্টিভঙ্গি ও মতামতকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণদের বাস্তব প্রস্তাবনা এবং উদ্ভাবনী ধারণাগুলো শোনার জন্য আরও বেশি ‘নীতি সংলাপ’ আয়োজন করা প্রয়োজন।
নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথা স্মরণ করে মাহদী আমিন জানান, ২০০৭ সালে তিনি যখন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বারুক কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি ‘মডেল ইউনাইটেড নেশনস’-এ অংশগ্রহণ করেছিলেন। সেই সময় কলেজের প্রতিনিধিত্ব করে তিনি জাতিসংঘের সদর দপ্তরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আবদুল আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড উপস্থিত ছিলেন।