নিউইয়র্ক: বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি আয়োজিত বিভিন্ন কর্মসূচির সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েইরার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সফরকালে দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশ-ব্রাজিল সম্পর্কের ক্রমবর্ধমান গতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা হয়।